“মা মারা গেছেন আজ। হয়তো গতকাল, আমি ঠিক জানি না।” এভাবেই শুরু হয় ‘দি আউটসাইডার’ উপন্যাসটি। প্রধান চরিত্রের দেওয়া প্রথম উক্তিটি বিভিন্নভাবে অগণিতবার ব্যবহৃত হয়ে বিখ্যাত হয়ে আছে সাহিত্য সমাজে। দর্শনভিত্তিক এ উপন্যাসটির ফরাসি নাম লেত্রঁজে (L’Étranger) । ইংরেজিতে ‘দ্য স্ট্রেইনজার’ নামটিও প্রচলিত। ‘দি আউটসাইডার’ একটি গভীর তত্ত্বভিত্তিক উপন্যাস, যেখানে জীবনের অযৌক্তিকতা (absurdism) ও অস্তিত্ববাদকে (existentialism) উপস্থাপনা করা হয়েছে অত্যন্ত সহজ এবং বাস্তবভিত্তিক জীবন দিয়ে। মানুষ হিসেবে জীবনের তাৎপর্যের অনুসন্ধান করা কতটুকু সার্থক তা বিশ্লেষণ করা হয়েছে বিশ্বাসযোগ্য দৃষ্টান্ত ও উপমা দিয়ে।
